অর্ক হাসান: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন নির্বাচনকে ঘিরে আবাসন খাতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল থেকে পরিচালক প্রার্থী হিসেবে অংশ নিয়ে ভিন্নধর্মী পরিকল্পনা তুলে ধরে ইতোমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছেন আবাসন ব্যবসায়ী টেরানোভা ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি ও একুশে টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম।
তাসনোভা মাহবুব সালাম বলেন, বর্তমান সময়ে আবাসন খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। জমির উচ্চমূল্য, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি এবং ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে বাজারে স্থবিরতা দেখা দিয়েছে। এসব সমস্যার সমাধানে তিনি বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চান।
তার প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে রয়েছে—মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী আবাসন প্রকল্প বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নতুন হাউজিং উদ্যোগ গ্রহণ, এবং নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। এছাড়া রিহ্যাব সদস্যদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করাকেও তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা যদি ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার করতে পারি, তাহলে আবাসন খাত আবারও ঘুরে দাঁড়াবে। এজন্য দরকার সুশাসন, স্বচ্ছতা এবং কার্যকর নীতিমালা বাস্তবায়ন।
তাসনোভা মাহবুব সালাম ঢাকার বনেদি পরিবারের সন্তান। তিনি আবাসন ব্যবসায়ীর পাশাপাশি একজন সফল গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
খাত সংশ্লিষ্টদের মতে, নির্বাচনে তাসনোভা মাহবুব সালামের এই নতুন চিন্তাধারা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা আশা করছেন, এবারের নির্বাচনের মাধ্যমে রিহ্যাব একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব পাবে, যা দেশের আবাসন খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, রিহ্যাব নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই প্রার্থীদের মধ্যে প্রচারণা শুরু হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আগামী ১৮ এপ্রিল রিহ্যাব নির্বাচন অনুষ্ঠিত হবে।
Reporter Name 











